মিলন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ও বেতবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বেতবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সামসুর রহমান আন্নু (৪১) এবং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। সামসুর রহমান আন্নু উপজেলার বামনপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। আর নজরুল ইসলাম জয়ন্তীহাজরা গ্রামের মৃত বাহাদুর মল্লিকের ছেলে।
খোকসা থানা পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে জয়ন্তীহাজরা ও বেতবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।







