রাজবাড়ী ভয়েস ডট কম : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি-এইচআরএম) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম।
মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি রাজবাড়ী সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাঃ কাজেম উদ্দীন এবং রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট সবার ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।








