পাংশায় জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

 

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।

তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে তরুণ ও যুবসমাজকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এ লক্ষ্যে পাংশা উপজেলায় গ্রামভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কর্মহীন ও বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি করা হবে।

 

তিনি আরও বলেন, শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না, সফলতার জন্য প্রয়োজন আন্তরিকতা, কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তি। তরুণদের চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি। যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় পাংশা উপজেলাকে একটি সমৃদ্ধ ও উৎপাদনশীল জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাকিল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা এবং পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন।

 

আলোচনা সভা শেষে ১২ জনের মাঝে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উৎপাদনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে সনদপত্র বিতরণ এবং যুবদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

 

Scroll to Top