এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা ও জনগণের প্রতি আচরণের উন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকারের কার্যক্রমে তাঁদের দায়িত্ব ও কাজের পরিধি দিন দিন বাড়ছে। নিরাপত্তা রক্ষার পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ, মাদকবিরোধী কার্যক্রম ও বাল্যবিবাহ প্রতিরোধেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি। প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ডার মোঃ জুয়েল রানা। এ ছাড়াও বক্তব্য দেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জানা যায়, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স চলবে। এতে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।








