পাংশার সরিষা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল আলম হুমায়ুন।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দিরে উপস্থিত স্থানীয় নারী-পুরুষ ও মন্দির কমিটির লোকজনদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক সহযোগিতা প্রদান করেন।

 

রেজাউল আলম হুমায়ুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পাংশা সরিষা ইউনিয়ন শাখার সভাপতি ও মোহাম্মদ আলী একাডেমির সাবেক প্রধান শিক্ষক।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেইসাথে উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

 

এসময় প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান প্রতিবছরের তুলনায় এবছর কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়ায় তারা পূজা উদযাপন করছেন। তারা বলেন বিএনপির নেতৃবৃন্দ সার্বক্ষণিক তাদের খোঁজখবর নিচ্ছেন। এজন্য তাদেরকো ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

চেয়ারম্যান প্রার্থী রেজাউল আলম হুমায়ুন বলেন, “এবারের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দিয়েছেন। তারই আলোকে আমাদের রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ আমাদেরকে নির্বিঘ্নে পূজা উদযাপন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। আমি সেই নির্দেশনার আলোকে আমার নেতাকর্মীদের সাথে নিয়ে সরিষা ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। সেই কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। শান্তিপূর্ণ পরিবেশেই এবছর দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।”

 

এসময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন বলে আশা প্রকাশ করেছেন এবং তার দোয়া-আশীর্বাদ কামনা করেছেন।

Scroll to Top