খোকসায় শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলেন ওসি মোল্লা জাকির হোসেন

মিলন,খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বাল্যবিবাহ, মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ও দিকনির্দেশনা দিয়েছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বিষয়ে কথা বলেন।

 

এ সময় ওসি মোল্লা জাকির হোসেন বলেন, আমি পাঁচ মাস এখানে যোগদান করেছি। খোকসার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোরভাবে কাজ করছে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।

 

তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অপরাধ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

ওসি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

খোকসা থানার পুলিশ জানায়, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

Scroll to Top