খোকসায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

ষ্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (২২) নামে এক নছিমনচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে খোকসা-রাজবাড়ী আঞ্চলিক সড়কের বারো আউলিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলমগীর রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের খরখরিয়া গ্রামের সাবু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর তাঁর নছিমনে পেঁয়াজ বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে তিনি হোটেলের সামনে গাড়ি থামিয়ে পলিথিন দিয়ে পেঁয়াজ ঢাকার চেষ্টা করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি সড়কের ওপর পড়ে যান। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমগীরের মরদেহ উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Scroll to Top