এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা উপজেলার রঘুনাথপুর (লস্করপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব মাহমুদ (১৯) উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর (লস্করপাড়া) গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আসামির বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।








