শেখ মিলন, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা মাঠপাড়া যুব সমাজের আয়োজনে খোকসা মাঠপাড়া টি-সিক্সটিন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে খোকসা মাঠপাড়া যামিনী কামিনী গোরস্থান সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন এলাকার ক্রিকেটপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর মেয়র প্রার্থী মো. রিপন হোসেন। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বক্তব্যে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় তিনি নির্মাণাধীন রাজিনাথপুর বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নকল্পে নগদ ৩০ হাজার টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন। তার এ ঘোষণাকে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসী সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রোকনুজ্জামান রোকন, মো. জুবায়ের রহমান জ্যাকি, মো. বিশ্ব হোসেন ও মো. খলিল শেখ।
খোকসা মাঠপাড়া যুব সমাজের পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় শোমসপুর ফাইভ স্টার ক্রিকেট একাদশ ও টিএম বিগ ক্রিকেট একাদশ, কুমারখালী।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








