পাংশায় জুয়েলারি দোকানে চুরি: ১৫ ভরি স্বর্ণ ও ২২০ ভরি রূপার গহনা উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকান থেকে চুরি হওয়া স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের একটি বড় অংশ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় খন্দকার জায়ফুল ইসলাম লিটন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ২৮ সেপ্টেম্বর রাতে নারায়ণপুরের দত্ত মার্কেটের ‘নিউ মুসলিম জুয়েলার্স’ থেকে প্রায় ২৫ ভরি স্বর্ণ, ২০০ ভরি রূপার গহনা ও নগদ ২ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় দোকানের মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন।

 

মামলার তদন্তে পুলিশ জানতে পারে, দোকানের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন কৌশলে মালিককে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে দোকানের চাবি নিয়ে চুরির ঘটনা ঘটান বলে পুলিশ জানিয়েছে।

 

তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ১ অক্টোবর ভোরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেখানো স্থান থেকে ১৫ ভরি ১.৫৮ আনা স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ২১ হাজার টাকা এবং ২২০ ভরি রৌপ্যালঙ্কার, যার মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

 

গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অপর আসামি ও সহযোগীদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ।

Scroll to Top