রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীতে জেলা পুলিশের আয়োজনে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন থানার অনূর্ধ্ব-২০ বছর বয়সী খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজবাড়ী জেলা পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধের কার্যকর মাধ্যম হিসেবে কাজে লাগানো হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সবল, শৃঙ্খলাবদ্ধ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার ৪টি পুরুষ দল ও ৩টি নারী দল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ কাবাডি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বালিয়াকান্দি থানা দল এবং নারী বিভাগে রাজবাড়ী সদর থানা দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে, পুরুষ বিভাগে রাজবাড়ী সদর থানা দল এবং নারী বিভাগে গোয়ালন্দঘাট থানা দল রানার্সআপ হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।







