এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাল্লেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক (২০) ও একই এলাকার আমজাদ ওরফে টিক্কা প্রামানিকের ছেলে ইরান প্রামানিক (২২), ফজলু শেখের ছেলে রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের রজব মোল্লার ছেলে ও নয়ন মোল্লা (২০) ও মোঃ রাজু শেখের ছেলে সুহান শেখ ওরফে সোহান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নম্বর-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নম্বর-১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাহাদুরপুর ইউনিয়নের সক্রিয় কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং বিভিন্ন অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁরা তদন্তাধীন রয়েছেন। এ ছাড়া গত ৭ নভেম্বর ভোরে বাহাদুরপুর এলাকায় সরকারবিরোধী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, বিগত সরকারের আমলে গ্রেপ্তারকৃতরা এলাকায় প্রভাব বিস্তার করে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পাঁচজনকে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।








