এস,কে পাল সমীর, পাংশা : দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে বিএনপি নেতাকর্মীরা মাঠে রয়েছেন বলে জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আয়োজিত বিশাল মোটরসাইকেল শোডাউন শেষে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় তিনি এসব কথা বলেন।
এমপি হারুন-অর-রশিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাংগঠনিক ও রাজনৈতিকভাবে যেকোনো নৈরাজ্য মোকাবিলা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, আমরা চাই দেশের সাধারণ মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করুক। কেউ যেন কোনো উসকানিতে পা না দেন। সবাইকে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে। আমরা আইন নিজের হাতে তুলে নেব না; বরং দেশের প্রচলিত আইন মেনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমাদের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
মোটরসাইকেল শোডাউনে এমপি হারুন-অর-রশিদের নেতৃত্বে পাংশা ও কালুখালী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমানসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
শোডাউন চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। মোটরসাইকেল শোডাউনটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিয়ালডাঙ্গী এলাকা থেকে শুরু হয়ে কালুখালী উপজেলার শেষ সীমানা পর্যন্ত গিয়ে শেষ হয়।








