এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) পাংশা উপজেলা বিএনপি-পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিকেল সাড়ে ৪টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
বক্তব্যে মো. হারুন-অর-রশিদ বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ সর্ববৃহৎ দল বিএনপিকে এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত করেছেন। নির্বাচনের পর দেশের উন্নয়ন ও কল্যাণে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য একটি নিষিদ্ধ সংগঠন দেশব্যাপী জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে নেতাকর্মীদের আগামী সাত দিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের ইউনিয়ন, ওয়ার্ড ও বাজারে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
হারুন-অর-রশিদ বলেন, বিএনপি দেশের সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। অতীতে যারা আমাদের দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে, তাদের বাড়িঘর ছাড়তে হয়নি।
সমাবেশে আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, কালুখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লুৎফর রহমান, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদার ও পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি পাংশা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের আওয়ামীলীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।








