এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় অসহায় মহিলাদের সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে অসহায় নারীরা আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়ে স্বাবলম্বী হয়ে পরিবারে অবদান রাখার সুযোগ পাবেন। পাশাপাশি হুইলচেয়ার পাওয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচলে কিছুটা হলেও সুবিধা হবে।
এসময় ৩ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন এবং ৮ জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।








