খোকসা কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বেলা ১২টার দিকে উপজেলা ওসমানপুর ইউনিয়নের হিজলাবট বাজারে জনসমুখ্যে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আহত হয়েছেন হিজলাবট গ্রামের জাহিদ হোসেনের ছেলে রিয়াজ (২২)। এ সময় দুর্বৃত্তরা দেবিনগর গ্রামে ময়েন আলীর ছেলে রং মিস্ত্রী আশরাফুল (৩৫) কে রক্তাক্ত আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। গুলিবিদ্ধ আহত রিয়াজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
গুলিবিদ্ধ আহত যুবকের ফুফাতো ভাই রুহুল আমিন জানান, বেলা ১২টার দিকে হিজলাবট বাজারের একটি কাঠের ফার্নিচারের দোকানে রিয়াজ ও রং মিস্ত্রী আশরাফুল কথা বলছিলো। স্বশস্ত্র দুর্বৃত্তরা জনসমুখ্যে বাজারের মধ্যে তাদের উপর আক্রমন চালায়। এসময় রিয়াজ পালিয়ে যাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। ফিল্মী ষ্টাইলে ছোড়া গুলিতে সে গুলিবিদ্ধ আহত হয়। এক পর্যাযে দুর্বৃত্তরা নিরাপদে চলে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মুক্তাদির হাসান বলেন, গুলিবিদ্ধ রিয়াজের অবস্থা আশঙ্কাজনক। তার ডান পাশর দিয়ে একটা গুলি ঢুকেছে। পেটের সামনের দিকে চামড়ার নিচে গুলিটি আটকে রয়েছে। গুলিটির অবস্থান নির্ণয় করাসহ উন্নত চিকিৎার জন্য তাকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন প্রকাশ্য বাজারে যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ যুবক ও রং মিস্ত্রী একই চিহ্ণিত সন্ত্রাসী বাহিনীর লোক। নিজের মধ্যে কথা কাটাকাটি নিয়ে গুলির পর্যাযে পৌঁছেছে। গুলিবিদ্ধ আহতের চিকিৎসা নিয়ে তার পরিবার কুষ্টিয়াতে রয়েছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কেউ মামলা দিলে তিনি ব্যবস্থা নেবেন।






