৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার

প্রশাসন ও গ্রামবাসীর সামনে মাদক ব্যবসা না করার অঙ্গীকার

শেখ মিলন, খোকসা: কুষ্টিয়ার খোকসা উপজেলার ৪নং জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় একতারপুর পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, জানিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ।

 

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

এ সময় গ্রামের কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবী প্রশাসন এবং গ্রামবাসীর উপস্থিতিতে ভবিষ্যতে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসে সমাজের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আলাউদ্দিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। কেউ অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় মাদক ব্যবসায় জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সভা শেষে এলাকাবাসী মাদকমুক্ত একতারপুর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Scroll to Top