পাংশায় ইয়াবাসহ তিনজন আটক, মোবাইল কোর্টে ৪৫ দিনের কারাদণ্ড

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 

রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন— উপজেলার কলিমহর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোঃ সুজন সরদার (চৌকিদার) ও কুঠি মালিয়াট গ্রামের অলক শিকদারের ছেলে উৎপল শিকদার এবং উসমান গণির ছেলে মোঃ স্বাধীন হোসেন।

 

পুলিশ জানায়, আটকের পর বিষয়টি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৪৫ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

Scroll to Top