এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৯০ টাকাসহ মোঃ জহিরুল শেখ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হাটবনগ্রাম এলাকায় জনৈক বিলায়েত হোসেন মুন্সীর বসতবাড়ির উঠান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ জহিরুল শেখ হাটবনগ্রাম এলাকার মৃত দিলবার শেখের ছেলে। পুলিশ জানায়, অভিযানে তাঁর কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মাদক বিক্রির বিভিন্ন নোটের ৫ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।
জানা যায় ওই বাড়ির মালিক বিলায়েত হোসেন মুন্সী গ্রেপ্তার জহিরুল শেখের বোনের স্বামী।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ তৌহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।







