১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

এক দফা দাবিতে পাংশায় পরিবার পরিকল্পনা কর্মীদের শান্তিপূর্ণ অবস্থান

এস,কে পাল সমীর, পাংশা: রাজবাড়ীর পাংশায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA) দের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন ও দ্রুত বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি, পাংশা শাখার আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত কর্মীরা “অর্থ নয় অধিকার চাই, আর নয় আশ্বাস, ভেঙে গেছে বিশ্বাস, এক দফা এক দাবি নিয়োগবিধি নিয়োগবিধি” সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রফিকুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা জাকিয়া সুলতানা এবং পরিবার কল্যাণ সহকারী সুইটি খাতুন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রস্তাবিত নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় মাঠপর্যায়ে কর্মরতদের মাঝে হতাশা বিরাজ করছে। আমাদের এক পদে চাকরিতে ঢুকে একই পদেই অবসরে যেতে হয়। আমাদের কোন পদোন্নতি নাই। বছরের পর বছর চাকরি করলেও আমাদের কোন নিয়োগবিধি নাই। এটি কাবিন ছাড়া বিবাহের মতো একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিয়োগবিধি বাস্তবায়ন হলে আমরা যারা মাঠপর্যায়ের কর্মী আছি তাদের কাজের গতি আরো বেড়ে যাবে। এই সরকার যেহেতু বৈষম্যবিরোধী সরকার তাই সরকারের কাছে আমাদের একটাই দাবি দ্রুত নিয়োগবিধি সংশোধন ও বাস্তবায়ন করা হোক। অন্যথায় আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচীতে উপজেলার বিভিন্ন স্তরের পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা অংশ নেন।

Scroll to Top