রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ী জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) কিডনি রোগে আক্রন্ত হয়ে ঢাকার একটি বেসরাকারি হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এরশাদের মামা আব্দুল জব্বার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
এরশাদ সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত নুরইসলাম খাঁর ছেলে। তিনি ২০১৩ সাল থেকে কিডনি রোগে ভুগছিলেন। তার সাত বছর ও আড়াই বছর বয়সী দুইজন ছেলে সন্তান রয়েছে।
এরশাদের পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১ জানুয়ারি ভোরে এরশাদ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তারা শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ছিলেন। কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া তার ফুসফুসে পানি জমেছিল বলে জানা যায়।
এরশাদের মামা আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন ধরেই এরশাদ কিডনি রোগে আক্রান্ত ছিল। তবে নিয়মিত চিকিৎসার জন্য সে অসুস্থতা বুঝা যেত না। হঠাৎ করেই সে অসুস্থ হয়ে পরে। এরশাদ ঢাকায় চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। সন্ধ্যার পর তার মরদেহ রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। শুক্রবার সকাল ১০টায় তার জানাযা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এরশাদ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় ছাত্র রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলেন। তার অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।







