পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে পাংশা মডেল থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাংশা মডেল থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।

সভায় পাংশা উপজেলার ১০৫টি পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু পুলিশের ওপর নির্ভর না করে প্রতিটি পূজা মন্দিরের নিজস্ব স্বেচ্ছাসেবক ও পাহারার ব্যবস্থা রাখতে হবে। এখন থেকেই মন্দির ও আশপাশের এলাকায় পর্যায়ক্রমে পাহারার ব্যবস্থা করতে হবে এবং কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে হবে।

 

তিনি আরও বলেন, পূজা চলাকালীন মন্দিরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, প্রবেশ ও বের হওয়ার পথ নিরাপদ রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা কমিটির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

ওসি শেখ মঈনুল ইসলাম বলেন,পাংশায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপন করতে হবে।

 

পূজাকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা বিষয়ক পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।

Scroll to Top