পাংশায় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আফরোজা আক্তার।

 

রবিবাবর (১৮ অক্টোবর) তিনি এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরে উপস্থিত স্থানীয় নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর পক্ষ থেকে মন্দির কমিটির নিকট আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আফরোজা আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পাংশা উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ও সরিষা ইউনিয়ন মহিলা দলের সভাপতি।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।

 

এ সময় আফরোজা আক্তার বলেন, “আপনারা জানেন যে, সারাদেশে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছেন। সেই ধারাবাহিকতায় আমিও আমার দল এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদের দিকনির্দেশনায় আমার নির্বাচনী এলাকায় উৎসবকে শান্তিপূর্ণ করতে কাজ করছি। তাই আপনাদের যেকোন সমস্যায় আমি দিবা-রাত্রি আপনাদের পাশে আছি।”

 

তিনি আরও বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। দল আমাকে মনোনয়ন দিলে সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে সরিষা ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি আশাবাদী, আপনারা আমাকে সমর্থন দিয়ে এই কাজগুলো বাস্তবায়নে সহযোগিতা করবেন।”

Scroll to Top