চালাক বটে!

কবি- কাজী আমিরুল ইসলাম

 

ভাবছো তুমি একাই চালাক?
অন্য সবাই বোকা!
তোমার চেয়েও চালাক আছে,
বুঝে নিও একা।

নিজের বুদ্ধি নিয়ে তোমার,
এত কিসের বড়াই?
ভাবছো বুঝি তোমার কাছে,
হার মেনেছে সবাই!

চালাকি করে ভাবছো তুমি,
সবাইকে দেবে ফাঁকি,
তোমার চাল যে বুঝে গেছে—
ভেবেছো কভু নাকি?

মুখে মধুর মিষ্টি কথা,
মনে হাজার ছক,
অন্যকে ঠকাতে গিয়ে,
শেষে নিজেই না খাও ঠক!

যাকে তুমি বোকা ভেবে,
করছো অবহেলা,
নীরব থেকে সেই তো দেখছে,
তোমার পুরো খেলা।

সময় কিন্তু চুপটি করে,
রাখছে সব হিসাব,
আজকে যাকে ঠকাচ্ছো তুমি,
কাল সে দেবে জবাব।

চালাক ভাবার আগে নিজেকে,
এবার একটু থামো,
অন্য সবাই বড্ড বোকা,
এমন ভুল ধারণা ছাড়ো।

চালাক হও, ক্ষতি নেই তো,
চালাকি কোরো না,
অন্যকে যে বোকা ভাবো,
নিজের টা কি ভাবো?

শেষে যখন সময় এসে,
খুলবে সবই ফাঁক,
বুঝবে তখন তোমার চেয়েও,
চালাক আছে চালাক!

অহংকারকে দূরে রেখে,
চলো সহজ পথে,
সবাইকে যে বোকা ভাবে,
সে-ই হারায় শেষে।

Scroll to Top