১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসকের শুভেচ্ছা বাণী

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আমি রাজবাড়ী জেলার সর্বস্তরের জনসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদ মোবারক।

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, আত্মশুদ্ধি এবং পরম ত্যাগের এই আনন্দঘন উৎসব রাজবাড়ীর প্রতিটি ঘরে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি।

 

ঈদ-উল-আযহা কেবল একটি উৎসব নয়; এটি আত্মত্যাগ, পরম আত্মসমর্পণ ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের এক অনন্য প্রতীক। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর মহান ত্যাগের স্মৃতিবিজড়িত এই উৎসব আমাদের জীবনের সকল সংকীর্ণতা ও স্বার্থপরতা পরিহার করে আত্মশুদ্ধি অর্জনের শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত তাৎপর্য বুকে ধারণ করে আমরা যেন সমাজের অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে ভাগ করে নিতে পারি-এই হোক আমাদের অঙ্গীকার।

 

পবিত্র ঈদের এই আনন্দঘন ক্ষণে মানুষে মানুষে প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক, দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি জেলার সকলকে আনন্দময়, শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ঈদ উদযাপনের উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে, পশু কোরবানির ক্ষেত্রে পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সুনির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ এবং দ্রুততম সময়ে এলাকা পরিষ্কার করার বিষয়ে আমি সম্মানিত জেলাবাসীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমাদের সামান্য সচেতনতাই পারে একটি পরিচ্ছন্ন ও নির্মল পরিবেশ উপহার দিতে।

 

আসুন, আমরা সকলে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে রাজবাড়ী জেলাকে শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও সৌহার্দ্যের এক অনন্য আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলি।

 

সবার জীবন অনাবিল আনন্দে ভরে উঠুক। ঈদ মোবারক!

আফরোজা পারভীন
জেলা প্রশাসক
রাজবাড়ী

Scroll to Top