খোকসা, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলা উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নারী গুরুতর অসুস্থ হয়েছেন। সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে উপজেলার আকাশে ঘন কালো মেঘ দেখা দেয়। তেমন বৃষ্টিপাত না হলেও প্রায় আধা ঘণ্টাজুড়ে প্রতি কয়েক সেকেন্ড পরপর বিকট শব্দে বজ্রপাত হতে থাকে। এ সময় জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামের আক্কেল আলীর ছেলে হযরত আলী (৩৮) মাঠে খড় শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। পরে পরিবারের সদস্যরা মাঠে গিয়ে তাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শারমিন আলম রিমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতের ঘটনায় আরও দুই নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, শিমুলিয়া ইউনিয়নের মো: আনিসের স্ত্রী ডলি খাতুন (৩০) এবং হলুদবাড়িয়া এলাকার রুবেলের স্ত্রী সোমা খাতুন (২৫)।
বর্তমানে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।








