১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার

খোকসায় বাস-ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি কুঠিপাড়া এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী তানহা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে রাজবাড়ী গামী বালুবাহী একটি ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

 

নিহতদের মধ্যে ফরিদপুর জেলার মুন্সীবাজার এলাকার জুনায়েতের মেয়ে নাবিলা (১৮) এর পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দা ও আহত যাত্রীদের স্বজনদের অভিযোগ, মহাসড়কে ত্রিপলবিহীন বালুবাহী ট্রাক চলাচলের কারণে বাতাসে উড়তে থাকা বালি বাসের যাত্রী ও চালকের চোখে মুখে পড়ে দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হয়। এর ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 

খোকসা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Scroll to Top