১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার

বিজ্ঞান মেলায় জাতীয় পর্যায়ে যাচ্ছে পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমি

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আব্দুল মাজেদ একাডেমি সাম্প্রতিক “স্টার্ট সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” কর্মসূচির আওতায় আয়োজিত বিজ্ঞান মেলায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।

 

গত ১১ জুন পাংশা উপজেলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী ৯টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করে।

 

এর ধারাবাহিকতায় গত ১৪ জুন রাজবাড়ী জেলা পর্যায়ের প্রজেক্ট উপস্থাপনা প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচটি দলের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়।

 

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক শাহিনা আক্তার পলি ও শারমিন আক্তার-এর নেতৃত্বে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজীব আগারওয়ালা, মো. দিদার হোসেন এবং এস.এ.এম. দাউদ যৌথভাবে “স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম” শীর্ষক প্রকল্পটি তৈরি করে।

 

প্রকল্পটিতে সীমিত খরচে একটি আধুনিক ও কার্যকর শিক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয় ফেস রিকগনিশন প্রযুক্তির সাহায্যে একসঙ্গে একাধিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি গ্রহণ, উপস্থিতির তালিকা প্রস্তুত এবং তথ্য সংরক্ষণ করতে পারবে।

 

এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের উপস্থিতির সময় সিস্টেমে সংরক্ষিত হবে। কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তাৎক্ষণিকভাবে অভিভাবকের মোবাইলে স্বয়ংক্রিয় এসএমএস পাঠানো হবে। একই সঙ্গে সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক উপস্থিতির তথ্য সংরক্ষণের সুবিধাও থাকবে। ফলে অতিরিক্ত জনবল ও কাগজপত্রের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

 

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, “কাজী আব্দুল মাজেদ একাডেমির শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উপজেলা ও জেলার জন্য গৌরব বয়ে এনেছে। ‘স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পটি বাস্তবমুখী ও সময়োপযোগী। জাতীয় পর্যায়েও তারা সফল হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই।”

 

“স্টার্ট সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” কর্মসূচির জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২৯ জুন ঢাকার আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন-এ অনুষ্ঠিত হবে।

 

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও দক্ষ উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করেছে। এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় পর্যায়েও সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

Scroll to Top