এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ীর পাংশায় মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে ফজলুল করীম (রহ.) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার পার্শ্ববর্তী পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নবজাতকের মরদেহটি স্থানীয়রা পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নবজাতকের মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছি। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। তার পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।








