রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ীর গোয়ালন্দে ঝুট বোঝাই একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ১২ টনের একটি টাটা কার্গো ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) ভোরে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কওসার আলীর ছেলে মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের মো. মালেক মোড়লের ছেলে মো. আরিফ হোসেন (৩২)। আরমান ট্রাকচালক ও আরিফ হেলপার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, রমজান আলী চালানটির মূল মাদক কারবারি।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল জানতে পারে, পাটুরিয়া ফেরিঘাট হয়ে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা যশোরে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দের দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করা হয়।
ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুট বোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামিয়ে চালক, হেলপার ও ট্রাকের ভেতরে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা তিনজনকে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ট্রাকের চালকের পেছনে থাকা বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা মোট ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন তিন কেজি এবং অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১২ টনের একটি টাটা কার্গো ট্রাক, দুটি স্মার্টফোন (Redmi 12 5G ও TECNO KM5) এবং একটি বাটন ফোন (Winstar W500MID) জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে ট্রাকচালক ও হেলপারের সহায়তায় যশোরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৯(গ)/১০(গ) ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।







