রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান

এস,কে পাল সমীর, পাংশা : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ‘স্বপ্নডাঙ্গা পাঠশালা’-য় সচেতনতামূলক ক্যাম্পেইন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), রাজবাড়ী সদর উপজেলা টিম।

 

ক্যাম্পেইনে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগের কারণ, ক্ষতিকর দিক, প্রতিরোধের উপায় এবং ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতার গুরুত্ব সহজ ভাষায় তুলে ধরা হয়। ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য সচেতন করে তোলা এবং নিজেদের পাশাপাশি পরিবারের সদস্যদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

 

সচেতনতামূলক আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পাঠশালা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার টানানো হয়।

 

আয়োজকদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

 

এ সময় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, রাজবাড়ী সদর উপজেলা টিমের স্বেচ্ছাসেবক, স্বপ্নডাঙ্গা পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান আয়োজকেরা।

Scroll to Top