এস,কে পাল সমীর, পাংশা : দুই বন্ধু ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেলওয়ে ব্রীজে ধাক্কা লেগে রিশাদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা অবস্থায় রেলওয়ে ব্রীজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশাদ খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে ও তার বন্ধু ইয়াসিন (১৩) বিভিন্ন স্টেশনে অবস্থান করে বাদাম-বুট বিক্রি করত বলে জানা গেছে।
রিশাদের সঙ্গে থাকা বন্ধু ইয়াসিন জানায়, বৃহস্পতিবার সকালে বাদাম-বুট আনার উদ্দেশ্যে তারা খুলনা থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ঢাকা যাচ্ছিল।
এসময় ট্রেনটি কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত স্পর্শ বলেন, রিশাদ নামের এক শিশুকে মাথায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।








