পাংশায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা : রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— পাংশা পৌর যুবলীগের কর্মী আব্দুর রাজ্জাক ওরফে রাজা (৪৫), মৌরাট ইউনিয়ন যুবলীগের কর্মী মো. সাইফুজ্জামান শুভ (৩৬) এবং পাংশা পৌর ছাত্রলীগের কর্মী মো. রুবেল সরদার (২৪)।

 

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক ওরফে রাজার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের কাউন্সিলর আবুল হোসেনের ছেলে, সাইফুজ্জামান শুভ মৌরাট ইউনিয়নের শওকত আলী সরদারের ছেলে এবং রুবেল সরদার পৌরসভার মৈশালা বড়গাছি গ্রামের আব্দুল রাজ্জাক সরদারের ছেলে।

 

জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতরা বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আসামিদের পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে ।

Scroll to Top