২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার

পাংশায় ফসলি জমিতে জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় কৃষকদের ফসলি জমির উপর দিয়ে জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কৃষকেরা সংবাদ সম্মেলন করেছেন।

 

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নে পাট্টা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকেরা অভিযোগ করেন, ইউনিয়নের মধ্যপাট্টা গ্রামের হাজী এয়াকুব আলী বিশ্বাস, ওয়াজেদ আলীসহ বেশ কয়েকজন ব্যক্তি কবরস্থানে যাতায়াতের জন্য জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেছেন। অথচ ওই কবরস্থানে যাওয়ার জন্য আগে থেকেই একাধিক বিকল্প রাস্তা রয়েছে।

 

ভুক্তভোগীদের দাবি, নতুন রাস্তা নির্মাণের কোনো যৌক্তিকতা না থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে তাদের ফসলি জমির উপর দিয়ে রাস্তা করা হয়েছে। তারা বাধা দিতে গেলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক নির্মাণকাজ চালিয়ে যায়।

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষক ফজলুল হক বলেন, “আমাদের পৈত্রিক জমিতে হাজী এয়াকুব আলী বিশ্বাসের নেতৃত্বে ওয়াজেদ আলী, সেলিম, হোসেন খান, নিমচাঁদ খা, রায়হান সহ ৩০০-৪০০ লোক গত ৯ এপ্রিল হঠাৎ করে এসে আমাদের ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তা নির্মাণ শুরু করে। আমরা বাধা দিলেও তারা হুমকি দিয়ে কাজ চালিয়ে যায়। কবরস্থানে যাওয়ার জন্য অন্য রাস্তা ও সরকারি খালপথ থাকা সত্ত্বেও আমাদের জমি দখল করা হয়েছে।”

 

আরেক জমির মালিক আব্দুল খালেক বিশ্বাস জানান, “দীর্ঘদিন ধরে তারা আমাদের জমির উপর দিয়ে রাস্তা করতে চাচ্ছিল। আমরা আপত্তি জানিয়ে আসছিলাম। এখন তারা ভয়ভীতি দেখিয়ে জোর করে রাস্তা নির্মাণ করছে।”

সেকেন আলী খান বলেন, “আমার জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে আমার অনুমতি ছাড়াই রাস্তা তৈরি করেছে। এছাড়াও তারা রাস্তার জমি না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

 

সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষকেরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

 

এ সময় জমির অন্যান্য মালিক মো. মিজানুর রহমান, আনিছুর রহমান, হাকিম মণ্ডল, জিল্লুর রহমান, জাহিদুর রহমান, বশির আহম্মেদ, মুন্নু বিশ্বাস, আসাদুল ইসলাম, সেকেন আলী খান, আবুল কালাম আজাদসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Scroll to Top