১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার

‘ফেসবুকে ভাইরাল ভিডিও’ সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা তুলে ধরলেন পাংশার যুবক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : সম্প্রতি কুষ্টিয়ায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনাটি মিথ্যা দাবি করে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী যুবক।

 

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১টার দিকে পাংশা শিল্পকলা মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী ওই যুবক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পশ্চিম বাগদুলী গ্রামের বাসিন্দা মো. সোহাগ মিয়া।

 

সংবাদ সম্মেলনে সোহাগ মিয়া দাবি করেন, গত ২৫ এপ্রিল তিনি কুষ্টিয়ায় কিছু ওষুধ কেনার উদ্দেশ্যে যান। সেদিন সন্ধ্যায় তার বন্ধু সাকিবের মাধ্যমে পূর্বপরিচিত আকিব ও সিফাত তাকে বিআরবি হাসপাতালের নিকট ডেকে নেয়। সেখানে প্রথমে তাকে আপ্যায়ন করা হয় এবং পরে আরও কয়েকজন লোকজনকে সেখানে ডাকা হয়।

 

তিনি অভিযোগ করেন, ওই সময় উপস্থিত ব্যক্তিরা তার কাছে ২ লাখ ৫০ হাজার টাকা পাওনা দাবি করে। টাকা পরিশোধের পরিবর্তে ৩০০ টাকার স্ট্যাম্পে তার মোটরসাইকেল লিখে দিতে চাপ সৃষ্টি করা হয়। এতে তিনি অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং মোবাইল ছিনতাইয়ের মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দেওয়া হয়।
সোহাগ মিয়া আরও বলেন, এক পর্যায়ে তিনি চিৎকার করলে তার মোটরসাইকেল রেখে দিয়ে তাকে ‘মোবাইল ছিনতাইকারী’ হিসেবে জনতার সামনে তুলে ধরা হয়। প্রাণভয়ে তিনি ক্ষমা প্রার্থনা করে সেখান থেকে রক্ষা পান। পরে তার মোবাইল রেখে মোটরসাইকেল ফেরত দেওয়া হয় এবং এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, ঘটনার পর তাকে মোবাইল ছিনতাইকারী হিসেবে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, এতে তার মানসম্মান হানির কারণ হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Scroll to Top