রাজবাড়ী ভয়েস ডট কম : কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন খোকসা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও জেলার শ্রেষ্ঠ রেমিটেন্স যোদ্ধা আলহাজ্ব আনোয়ার খান।
সোমবার (১ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর হকের হাতে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন তিনি।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবির হোসেন সোহাগসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে মুমূর্ষু ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি দেখা দেয়। এ পরিস্থিতিতে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ হিসেবে ৫টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন আলহাজ্ব আনোয়ার খান।
হাসপাতাল কর্তৃপক্ষ তার এ মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, নতুন অক্সিজেন সিলিন্ডারগুলো জরুরি ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও মানবসেবায় এগিয়ে আসতে উৎসাহিত করবে।








