শহিদুল ইসলাম, কালুখালী : রাজবাড়ীর কালুখালীতে বাস পিকআপের সংঘর্ষে পিক আপ চালক নিহত হয়েছে।
বুধবার দুপুরে কালুখালী উপজেলার খাগজানা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, দুপুরে পাংশা থেকে দৌলতদিয়া অভিমুখে যাওয়া পিকআপ ভ্যান খাগজানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘চৌধুরী ডিলাক্স পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।








