মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরে ২৮ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় সংবাদ প্রকাশের পর দৈনিক আমার সংবাদ-এর নিজস্ব প্রতিবেদক ও মাগুরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো. মিরাজুল ইসলামকে (মিরাজ আহম্মদ) পুনরায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রকাশিত সংবাদ মুছে ফেলতে চাপ প্রয়োগ,একাধিক নম্বর থেকে ফোনে হুমকি এবং তাঁর বসতবাড়িতে অজ্ঞাতনামা ব্যক্তিদের পাঠানোর অভিযোগে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মাগুরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।সোমবার (১২ অক্টোবর) মাগুরা সদর থানায় করা জিডিতে এসব অভিযোগ উল্লেখ করেন সাংবাদিক মিরাজুল ইসলাম। জিডি নম্বর ৮৩৮, ট্র্যাকিং নম্বর PWQ080।
জিডির বিবরণ অনুযায়ী, গত ৮ অক্টোবর রাতে মাগুরা শহরের কলেজপাড়ার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল, ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, টাকা গণনার মেশিন, চারটি ল্যাপটপ, দুটি ওয়াকিটকি, মুঠোফোন এবং ‘PRESS’ ও ‘ক্রাইম তালাশ’ লেখা মাইক্রোফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদ শেখ (৪১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫)-এর নামও উল্লেখ করা হয়েছিল। এসব তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মিরাজুল ইসলাম।
ফোনে প্রাণনাশের হুমকি ও সংবাদ মুছে ফেলার চাপ
জিডিতে সাংবাদিক মিরাজুল ইসলাম অভিযোগ করেন, মাদক উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর থেকে তিনি বিভিন্নভাবে হুমকি ও চাপের সম্মুখীন হচ্ছেন। সর্বশেষ ১১ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১২টা ৮ মিনিটে তারেক (মোবাইল নম্বর: ০১৭২৫-৮৪৮২৩৫), রাশেদসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁর মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেন এবং প্রকাশিত সংবাদ মুছে ফেলার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একই রাতে আনুমানিক ১২টা ১৬ মিনিটে রাসেল (মোবাইল নম্বর: ০১৭১৪-৯২৬০৯৮) নামের এক ব্যক্তি তাঁকে ফোন করেন বলেও জিডিতে উল্লেখ রয়েছে।
এ ছাড়া বিভিন্ন অজ্ঞাতনামা নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাঁর কর্মস্থল দৈনিক আমার সংবাদ-এর ঢাকার মতিঝিল কার্যালয়ের সম্পাদককেও বিভিন্ন নম্বর থেকে ভিন্ন পরিচয়ে ফোন করে হুমকি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
বসতবাড়িতে হামলার আশঙ্কা, আতঙ্কে পরিবার
জিডিতে আরও বলা হয়েছে, মাগুরা সদর উপজেলার ভাইনার মোড়সংলগ্ন ইসলামবাগ এলাকায় তাঁর বসতবাড়িতে দুই দফায় অজ্ঞাতনামা ব্যক্তিদের পাঠানো হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন।
সাংবাদিক মিরাজুল ইসলামের অভিযোগ, এসব ঘটনার কারণে তিনি পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের কারণে তাঁকে ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশের জন্য উদ্বেগজনক।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
মাদক উদ্ধারের মতো গুরুত্বপূর্ণ ঘটনায় সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিকের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও সংবাদ মুছে ফেলার চাপের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ফোন নম্বরগুলোর ব্যবহারকারী শনাক্তকরণ, কলের তথ্য পরীক্ষা এবং বসতবাড়িতে লোক পাঠানোর ঘটনার অনুসন্ধান করা প্রয়োজন।
জিডিতে সাংবাদিক মিরাজুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তবে জিডিতে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং পুলিশি তদন্তের ফলাফল পাওয়া গেলে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে।







