২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার

পাংশায় বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় হামলা ও ভাঙচুর চালিয়ে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মোছা. মনিরা পারভিন (৪০) নামের এক ভুক্তভোগী নারী।

 

শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে পাংশা পৌর শহরের আব্দুল মালেক প্লাজায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মনিরা পারভিন পাংশা পৌর শহরের নারায়ণপুর গ্রামের মো. বাবুল খানের স্ত্রী।

 

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, গত ২১ মে বিকেল সাড়ে ৫টার দিকে মো. মান্নান মণ্ডল, মো. জহুরুল মণ্ডল, মো. ছানাই প্রামাণিক, মো. রাজ্জাক খান ও মো. কাদেরসহ কয়েকজন ব্যক্তি তার নারায়ণপুর এলাকার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তারা তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে বসতঘরে তালা লাগিয়ে দেন।

 

এ সময় অভিযুক্তরা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলেও অভিযোগ করেন তিনি।

 

মনিরা পারভিন আরও জানান, ২০১৪ সালে তিনি নারায়ণপুর গ্রামের সিহাবের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন। পরে মো. মান্নান মণ্ডল ৯ শতাংশ জমি কিনেন। জমি ক্রয়ের পর থেকে উভয় পক্ষ নিজ নিজ জমি ভোগদখলে ছিলেন। তবে সম্প্রতি মান্নান মণ্ডল জোরপূর্বক তাদের জমি দখল করে নিয়েছেন বলে দাবি করেন তিনি।

 

তার অভিযোগ, গত ২১ মে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি পাংশা মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।

 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Scroll to Top