রাজবাড়ী ভয়েস ডট কম : রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে দূর্বৃত্তদের আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুনে কার্যালয়ের দেয়ালে থাকা ব্যানার ও লাইট পুড়ে গেছে। একই সঙ্গে কার্যালয়ের কেচিগেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোনো একসময় জেলা শহরের বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সকালে আগুন লাগার খবর পেয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে রাজবাড়ী সদর থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা তদন্তে বিএনপির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।







