এস,কে পাল সমীর, পাংশা : রাজবাড়ীর পাংশায় ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩১০ টাকাসহ শিউলী বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামে নিজ বসতবাড়ির সামনের বারান্দা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের শিপন মণ্ডলের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযানকালে শিউলী বেগমের পরিহিত বোরকার ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির বিভিন্ন নোটের ৩ হাজার ৩১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার গোপ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১১।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।







