১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রবিবার

পাংশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রথম পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হাবাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই মানুষের কল্যাণ ও মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচনের আগে বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের যে ৩১ দফা ঘোষণা করেছিল, তার মধ্যে অন্যতম ছিল ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে ১৪টি উপজেলায় পাইলটিং প্রোগ্রাম হিসেবে এ কার্যক্রম চালু করেছেন। আশা করা হচ্ছে, ঈদের আগেই আগামী ১০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

এর অংশ হিসেবে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকায় আজ থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হলো।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের সুপারিশ বা অর্থের প্রয়োজন নেই। এ বিষয়ে কেউ টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান।

উদ্বোধনের পর সংসদ সদস্য নিজে দুটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ ফরম পূরণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, হাবাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান প্রামানিক, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল লতিফ খান, হাবাসপুর ইউপি চেয়ারম্যান মো. আল-মামুন খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Scroll to Top