৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | মঙ্গলবার

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খোকসায় দোয়া মাহফিল ও গণভোজ

মিলন খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে গণভোজের আয়োজন করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খোকসা সরকারি পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ব্যাপক পরিসরে এ কর্মসূচির আয়োজন করেন খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিপন। তার নিজ অর্থায়নে দুটি গরু জবাই করে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী ও সমর্থকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিপন।

সভাপতিত্ব করেন খোকসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা যোবায়ের রহমান জ্যাকি, পৌর বিএনপি নেতা মো. সুমন হোসেন, খোকসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়ব আলী সরকারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও অবদান দেশবাসী স্মরণ রাখবে। একই সঙ্গে তারা বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Scroll to Top