৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার

শিক্ষার্থীদের জন্য ‘এডুকেশন কার্ড’ চালু: মানবিক উদ্যোগে প্রশংসিত সমাজসেবক আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন

রাজবাড়ী ভয়েস ডট কম : শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয়ভার লাঘব এবং শিক্ষা সংক্রান্ত সুযোগ-সুবিধা সহজলভ্য করতে ‘এডুকেশন কার্ড’-এর কার্যক্রম শুরু করে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন খোকসা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, সৌদি আরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন।

শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে আরও সহজ ও গতিশীল করতে চালু করা এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা প্রদান করা হবে। কার্ডধারী শিক্ষার্থীরা টিউশন ফি, পরীক্ষার ফি এবং শিক্ষা উপকরণ যেমন খাতা, কলম ও বইয়ের বিল পরিশোধ করতে পারবে। এছাড়াও নির্দিষ্ট মেয়াদের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব বা কার্ড অ্যাকাউন্টে মাসিক কিংবা এককালীন বৃত্তির অর্থ জমা দেওয়ার সুবিধাও থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনেক ক্ষেত্রে এই কার্ডটি স্টুডেন্ট আইডি হিসেবেও ব্যবহার করা যাবে। ফলে শিক্ষার্থীরা পাবলিক বাসসহ বিভিন্ন পরিবহনে অর্ধেক ভাড়া কিংবা বিশেষ ছাড়ের সুবিধা পেতে পারে। একইসঙ্গে সরকারি কিংবা বিভিন্ন সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের উপবৃত্তি ও কল্যাণ ভাতা সরাসরি এই কার্ডের মাধ্যমে বিতরণ করা সম্ভব হবে।

সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁন মনে করেন, সমাজের সাধারণ পরিবারের মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে না পড়ে এবং নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এমন মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মানুষের কল্যাণ ও মানবতার সেবায় আলহাজ্ব মোঃ আনোয়ার খাঁনের এই ব্যতিক্রমী উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top