এস,কে পাল সমীর, পাংশা : “শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১১টায় পাংশা উপজেলা শিল্পকলা একাডেমিতে গুণী শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারজন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুণী শিক্ষক সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন—পাংশা সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. আবুল কাশেম, বয়রাট মাজাইল ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ (অব.) আলহাজ্ব মাওলানা মো. সিরাজুল ইসলাম, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.) সুশীল কুমার মুদী এবং সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলী হোসেন।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে ও পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আব্দুল হান্নান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু ও পাংশা পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন।
এবছরের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্যের আলোকে বক্তব্য রাখেন পাংশা শাহজুঁই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. খোন্দকার মাহফুজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষকদের যথাযথ সম্মান প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বাগদুলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অব.) মো. আব্দুল খালেককে পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের গ্রাচ্যুইটির ৮ লক্ষ ১৬ হাজার ২৪০ টাকার চেক প্রদান করা হয়।








