এস,কে পাল সমীর, পাংশা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর ) বিকেল ৫টার দিকে ইউনিয়নের কালিতলা বাজারের বিভিন্ন দোকানদার, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
এ সময় আব্দুল মান্নান খান স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পাশাপাশি লিফলেটের মাধ্যমে তার বিভিন্ন পরিকল্পনা, প্রত্যাশা ও জনগণের সঙ্গে সম্পৃক্ততার বিষয়গুলো তুলে ধরা হয়।
এসময় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।
আব্দুল মান্নান খান দীর্ঘদিন ধরে বাহাদুরপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এর আগে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তার বিভিন্ন গণসংযোগমূলক কার্যক্রম স্থানীয় পর্যায়ে আলোচনায় এসেছে।








