রাজবাড়ী ভয়েস ডট কম : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত সাংবাদিকরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন চলাচল, পূজামণ্ডপের শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মীর মনির হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের ভুল তথ্য বা গুজব ছড়িয়ে যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা চলাকালীন সময়ে নির্বিঘ্নে আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো ঘটনা বা তথ্যের বিষয়ে সংবাদ প্রকাশের আগে তা যাচাই করে জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








