শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময়

রাজবাড়ী ভয়েস ডট কম : আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার পাঁচটি থানার পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টের নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

 

রাজবাড়ী জেলা পুলিশ সুপার মীর মনির হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদ ও ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, অতিরিক্ত আলোকসজ্জা পরিহার, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

 

এসময় পুলিশ সুপার মীর মনির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য যাচাই না করে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানান। কোনো বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করতে তিনি অনুরোধ করেন।

 

তিনি আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্যও সভায় উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।

 

Scroll to Top